এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি:
রাজধানীর পার্শ্ববর্তী সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন সাভার মডেল থানার বক্তারপুর (পোড়াবাড়ি) এলাকার দেলোয়ার হোসেন দিলুর ছেলে কোরবান আলী (২৮) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারী এলাকার মো. শরীফুল ইসলামের ছেলে মো. মিলন (৩৫)। মিলন বর্তমানে সাভার উপজেলার তারাপুর এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের মাদক নেটওয়ার্ক ও সহযোগীদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কোরবান আলী-এর বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা একজন চিহ্নিত মাদক কারবারি।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা প্রতিনিধি