আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর)প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার জন্য টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
অভিযুক্ত দুই ভাই হলেন ওই এলাকার নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত বলে অভিযোগ রয়েছে। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া, মারধর ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটাতেন বলেও অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ভাইকে দেওয়ার জন্য তাদের বাবা কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকা জুয়া ও নেশার পেছনে খরচ করে ফেলেন তারা। পরে পরিবারের পক্ষ থেকে কষ্ট করে সেই ঋণের কিস্তি পরিশোধ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় আবারও দুই ভাই তাদের বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেন বলে পরিবারের অভিযোগ। পরে বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন তারা।
খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
পরিবারের সদস্য আলআমিন বলেন, “নেশার জন্য টাকা না দিলেই আমার ছোট দুই ভাই বাবা-মায়ের সঙ্গে ঝামেলা করেন। এর আগেও ৩০ হাজার টাকা ঋণ করে তাদের দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই টাকা জুয়া ও নেশার পেছনে খরচ করে ফেলেন। পরে আবার ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে তারা ঘরে আগুন দেন।”
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, নেশার টাকা না পেয়ে দুই ভাই নিজেদের ঘরে আগুন দিয়েছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।