সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ১১ বছর বয়সী এক শিশুকে কৌশলে পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী কুটি ফকির (৬২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কাউকে জানালে কিংবা থানায় অভিযোগ করলে শিশুটির পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সদরপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগে উল্লেখ করেন, ঘটনার দিন সকালে তাঁর ১১ বছর বয়সী মেয়েকে কৌশলে নিজের বাড়ির একটি পরিত্যক্ত দোচালা ঘরে ডেকে নেন প্রতিবেশী কুটি ফকির। পরে ঘরের দরজা বন্ধ করে দিলে শিশুটি ভয় পেয়ে চিৎকার শুরু করে। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে কুটি ফকিরের স্ত্রী সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার বাবা-মা বিষয়টি জানতে চান। পরে শিশুটি তাদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
শিশুটির বাবা আরও অভিযোগ করেন, বিষয়টি প্রতিবেশীদের জানালে অভিযুক্তরা তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাঁদের গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে গত ৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা তাঁদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেন। তাঁদের ভয়ে পরিবার নিয়ে একরকম অবরুদ্ধ অবস্থায় ছিলেন তিনি। এ কারণে থানায় অভিযোগ জানাতে দেরি হয়েছে বলে জানান শিশুটির বাবা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, কয়েক দিন আগে এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে তাঁরা শুনেছেন। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে বলে তাঁরা জানতেন।
অভিযুক্ত কুটি ফকিরের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, ওই শিশুর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির বাবা।