গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন
গাজীপুরের পূবাইল থানাধীন কলেরবাজার সংলগ্ন একটি বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরি-ডাকাতির ঘটনা। বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা বাড়ির পেছনের একটি কক্ষের এক্সহস্ট ফ্যান খুলে কৌশলে ঘরে প্রবেশ করে। এরপর পুরো বাড়ি তছনছ করে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। সকালে বাড়ির মালিক ফিরে এসে ঘরের আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি জানতে পারেন।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পূবাইল থানাধীন বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করেও কার্যকর প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেছেন।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, রাতের বেলায় পুলিশের টহল কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হওয়ায় অপরাধীরা সুযোগ পাচ্ছে। নিয়মিত ও কার্যকর টহল ব্যবস্থা থাকলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসত বলে তাদের ধারণা। ফলে পূবাইল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এভাবে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা অব্যাহত থাকলে এলাকাটি বসবাসের জন্য অনিরাপদ ও অনুপযোগী হয়ে পড়বে। তারা অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি রাতের টহল জোরদার করার দাবি জানান।
এলাকাবাসী পূবাইল এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি দমনে পুলিশ কমিশনার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলা প্রতিনিধি