মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিবি সেজে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই: ঈশ্বরদীতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার ৯০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৭ pm
ডিবি সেজে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই: ঈশ্বরদীতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার ৯০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি ফজলুল কবির :

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অভিযানের মাধ্যমে ঘটনার মূল পরিকল্পনাকারী আকবর খান (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে।

পুলিশ জানায়, ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলা নম্বর-৩৯ (তারিখ: ২৬ জুলাই ২০২৬), দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকেই মূল অভিযুক্ত আকবর খানকে আটক করা হয়। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পরে গ্রেপ্তারকৃত আকবর খানের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে তার শ্বশুর ফারুক বিশ্বাসের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মো. শাহিন আলী গত ২৪ জুলাই সন্ধ্যায় ছয় চাকার একটি ট্রাকে মাছ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন সহকারী আনিছুর রহমান (২২)। পরদিন ভোরে মাছ বিক্রি শেষে নগদ ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা নিয়ে ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলীর মোড়ে পৌঁছালে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়।

এরপর তারা ট্রাকে মাদক রয়েছে বলে দাবি করে তল্লাশির কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে মাছ বিক্রির নগদ টাকা থাকা ব্যাগটি নিজেদের হেফাজতে নেয় এবং রূপপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে তল্লাশি করা হবে বলে জানিয়ে সহকারী আনিছুর রহমানকে টাকার ব্যাগসহ মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় শাহিন আলী রূপপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারেন, সেখানে কাউকে আনা হয়নি। পরে আনিছুর রহমান অপরিচিত এক ভ্যানচালকের মোবাইল ফোন থেকে জানান, হারুখালী মাঠসংলগ্ন রেশম বাগান এলাকায় তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দাশুড়িয়ার দিকে পালিয়ে গেছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং মাঠপর্যায়ের তদন্তের সমন্বয়ে মূল অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া অর্থের একটি অংশও উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত এই ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো ছিনতাইকারী চক্রকে আইনের আওতায় আনতে এবং বাকি অর্থ উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!