এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি: মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। পৃথক দুটি অভিযানে ডিবির একাধিক টিম অংশ নেয়।পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই রাত আনুমানিক ২টা ১০ মিনিটে সাভার মডেল থানার তালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া। এ সময় সংগীয় পুলিশ সদস্যদের সহায়তায় মো. জামাল (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জামালের পিতা জয়নাল হোসেন, তার স্থায়ী ঠিকানা ভোলা জেলার সদর থানার চর্নাবাদ এলাকায়। বর্তমানে তিনি সাভারের তালবাগ এলাকায় তমিজ সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।একই দিন ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ধামরাই থানার খরারচর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা। অভিযানে তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মো. লতিফ খালাশি (১৯), মো. খোকন হোসেন (১৯) এবং মো. আহাদ (১৯)। তাদের কাছ থেকে মোট ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৯০০ টাকা।ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
উপজেলা প্রতিনিধি